টালিউডের শীর্ষ নায়িকাদের তালিকায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন কৌশানী মুখার্জি। দীর্ঘ লড়াই ও নিরলস পরিশ্রমের ফসল হিসেবে আজ তিনি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। আসছে দুর্গাপূজায় শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায় ‘ঝিমলি’ চরিত্রে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে তিনি শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা, পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে বোঝাপড়া, সমালোচনার দিনগুলো এবং নিজের সংসার জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সিনেমার দ্বিতীয় পর্ব নিয়ে নিজের প্রত্যাশা ও দায়িত্বের কথা বলতে গিয়ে কৌশানী জানান, প্রথমবার চরিত্রটি ফুটিয়ে তোলা যতটা চ্যালেঞ্জিং ছিল, দ্বিতীয়বার তার চেয়েও বেশি দায়িত্ববোধ কাজ করছে কারণ দর্শক এখন চরিত্রটিকে আপন করে নিয়েছে। শুটিংয়ের আগে তিনি বারবার প্রথম পর্বটি দেখেছেন এবং সংলাপের উচ্চারণ রপ্ত করেছেন। এছাড়া দীর্ঘ সময় মেকআপ নেওয়া এবং তীব্র গরমে শুটিং করার কষ্টের কথাও তিনি তুলে ধরেন।
পরিচালক শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, শুটিংয়ের সময় তাদের মধ্যে খুনসুটি ও ঝগড়াঝাটিও হয়। হেয়ারস্টাইল নিয়ে ভুল বোঝাবুঝির কারণে শুটিং সেটে তাদের কথা বন্ধ থাকার কথাও তিনি শেয়ার করেন। তবে অভিনয়ের ক্ষেত্রে শিবপ্রসাদের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ক্যামেরার সামনে শিবুদা দারুণ পারফর্ম করেন এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মজার ছলে কৌশানী আরও বলেন, বন্ধু হিসেবে তিনি চান শিবপ্রসাদ নিজেকে আরও একটু আপডেট করুন।
নিজের ব্যক্তিত্বের পরিবর্তন নিয়ে কৌশানী বলেন, ছোটবেলার লাজুক ও শান্ত স্বভাব থেকে তিনি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ না পেয়ে একসময় যারা সমালোচনা করেছিলেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমালোচনা করা সহজ, কিন্তু অন্যের জুতোয় পা না গলালে তার ভেতরের যন্ত্রণা বোঝা যায় না। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।
বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি জানান, বনির সাফল্যে তার কখনোই ইনসিকিউরিটি কাজ করে না। তারা একে অপরের পাশে থেকে বড় হয়েছেন এবং তিনি চান বনি ইন্ডাস্ট্রির শীর্ষ স্থানে পৌঁছাক। এছাড়া বাবাকে বাড়ি উপহার দিতে পারার আনন্দ এবং বাবাকে নিজের ‘ইন-হাউজ পিআর’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। আসন্ন পূজায় সপ্তমী পর্যন্ত সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকলেও অষ্টমীর পর থেকে পরিবারের সঙ্গেই সময় কাটাবেন বলে জানান কৌশানী।

