ফ্রান্সে শিক্ষার্থীদের সহিংস বিক্ষোভ, ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের আন্দোলন চরম সহিংস রূপ নেওয়ায় দেশটির শিক্ষাব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শুক্রবার বিভিন্ন শহরে শিক্ষার্থীরা সড়ক ও স্কুলের প্রবেশপথ অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বেশ কিছু স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, যার জবাবে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার প্রায় ৪০০টি স্কুল সম্পূর্ণ বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ফ্রান্সের মোট ৩ হাজার ৭০০টি উচ্চবিদ্যালয়ের মধ্যে অন্তত ৫৬৪টিতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গত সেপ্টেম্বর মাসে প্যারিস অঞ্চল থেকে শুরু হওয়া এই আন্দোলন অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা ক্লাস, অপর্যাপ্ত সুযোগ-সুবিধা, অতিরিক্ত গরম শ্রেণিকক্ষ এবং শিক্ষক ও কর্মচারীদের তীব্র অনুপস্থিতির প্রতিবাদেই মূলত উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে নেমেছে।

প্যারিসের কেন্দ্রস্থলের একটি স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী সাইমন নিজের অভিজ্ঞতা জানিয়ে বলে, তাদের বিদ্যালয়ে গত এক বছর ধরে কোনো বিজ্ঞান শিক্ষক নেই। এমনকি পর্যাপ্ত পাঠ্যবইও পাওয়া যাচ্ছে না। শহরতলির স্কুলগুলোর পরিস্থিতি আরও বেশি শোচনীয় বলে দাবি করে সে।

বিক্ষোভের জেরে ফ্রান্সের বিভিন্ন প্রান্তে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর ব্রেস্টের কেরিশেন উচ্চবিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন জিনিসপত্র ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। অন্যদিকে, পূর্বাঞ্চলীয় বেলফোর শহরে কয়েকজন তরুণ এক পুলিশ সদস্যকে চারপাশ থেকে ঘিরে ধরে মারধর করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই হামলাকে অত্যন্ত 'অসহনীয়' বলে আখ্যায়িত করেছেন। এছাড়া প্যারিসের দুটি উচ্চবিদ্যালয়ের প্রবেশপথে আগুন দেওয়ার ঘটনা ঘটলে দমকল বাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণে আনে。

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রেওগ করছে। নিয়মিত কাঁদানে গ্যাস ব্যবহারের কারণে অনেক শিক্ষার্থী আহত হচ্ছে বলেও তারা দাবি করেছে। ইতিমধ্যে পুলিশের বিরুদ্ধে তিন বিক্ষোভকারীকে মারধরের অভিযোগ ওঠার পর বাহিনীটির পক্ষ থেকে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় তুলুজ শহরে কাঁদানে গ্যাসের প্রভাবে চোখে তীব্র জ্বালাপোড়া শুরু হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের একে অপরকে চোখের ড্রপ দিতে দেখা যায়। এছাড়া প্যারিসের উত্তরাঞ্চলীয় অবারভিলিয়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি ও দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহার করে।

এদিকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে অভিযোগ করেছেন, চরম সহিংস কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের এই আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তিনি জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন, যার মধ্যে ৪০ জনই প্রধান শিক্ষক। এছাড়া প্রায় ১৭০ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং ১০০টিরও বেশি স্কুলের গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আইনি পদক্ষেপের বিষয়ে ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, বিক্ষোভে অংশ নেওয়া সন্তানদের কারণে কোনো সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি হলে সংশ্লিষ্ট অভিভাবকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রসিকিউটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দারমানিনের দেওয়া তথ্যমতে, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের প্রায় ৯০ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।