ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকট ও শিক্ষক স্বল্পতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ এএম। এই আন্দোলনের জেরে দেশজুড়ে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। বিএফএমটিভিকে দেওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুই-তৃতীয়াংশকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্যারিসে শুরু হওয়া এই বিক্ষোভের প্রভাব অন্তত ৪০০টি স্কুলে ছড়িয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে নিজেদের দাবি তুলে ধরছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং শিক্ষক সংকটের মতো বাস্তব সমস্যাগুলো দূর করার দাবিতে এই আন্দোলনের সূত্রপাত। বিক্ষোভকারীরা বেশ কিছু ময়লার পাত্রে আগুন ধরিয়ে দিয়েছেন এবং বাসস্টপের ক্ষতি করেছেন।
সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ শিক্ষক, বেশ কয়েকজন শিক্ষার্থী এবং ৪৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৬ বছর বয়সি এক আন্দোলনকারী এএফপিকে জানান, শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন, যেখানে প্রতিটি শ্রেণিতে ৩৪ জন শিক্ষার্থী থাকাটা কোনোভাবেই বাস্তবসম্মত নয় এবং শিক্ষকরাও অতিরিক্ত কাজের চাপে রয়েছেন।
শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিয়ন সিন্দিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলেছেন এবং পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের সমালোচনা করেছেন। অন্যদিকে, ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকারের প্রতি সমর্থন জানালেও সহিংসতার ঘটনাকে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে নিন্দা জানিয়েছেন।

