রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদকের বিস্তার এবং সামাজিক অরাজকতা নিয়ন্ত্রণে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্তত ৩৫ জনকে আটক করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বখাটেদের আড্ডাস্থল এবং মাদক কেনাবেচা ও সেবনের গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়েছে। আটককৃতদের অতীত অপরাধের রেকর্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। রাঙামাটির পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ কাউকে হয়রানি না করার বিষয়েও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের শান্তি, নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেই এ অভিযান। তাই বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত না হয়ে পুলিশের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, আটককৃতদের অতীত রেকর্ড পর্যালোচনার কাজ চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের আটক রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যদের অভিভাবকদের থানায় ডেকে এনে জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে, অভিযান চলাকালে শহরের শান্তিনগর এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। কিছু অভিভাবক নিরীহ কিশোরদের আটকের অভিযোগ তুলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কোতয়ালি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে নিরীহদের যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। একই সময়ে রাতে কোতয়ালি থানায় আটক ব্যক্তিদের অভিভাবক, স্বজন ও উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

পুলিশ জানিয়েছে, অপরাধী শনাক্ত ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন এমন নাগরিকদের যাতে অযথা হয়রানি না করা হয়, সেটিও নিশ্চিত করা হবে।