ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

ফিলিস্তিনের শাসনব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এই মন্তব্য করেন। তিনি ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন। আন্তর্জাতিক বিরোধ নিরসনে সামরিক শক্তির পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান জানানোর আহ্বান জানান।

পশ্চিম তীরের শাসনব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দিয়ে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’—এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সব কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। এছাড়া গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দেন তিনি।

বিশ্বের বড় শক্তিগুলোর দায়িত্ব সম্পর্কে হান ঝেং বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে। তাদের উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা এবং আইনের শাসন সমুন্নত রেখে সঠিক কাজের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান।