সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়েছে। তবে সূচকের এই ইতিবাচক ধারার বিপরীতে সপ্তাহজুড়ে ডিএসইর সামগ্রিক বাজার মূলধন কমেছে। একই সময়ে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ১ হাজার ৮০২ কোটি টাকা বা দশমিক ২৬ শতাংশ কমেছে।

বাজার মূলধন কমলেও বিদায়ী সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে ১ হাজার ১৫৪ কোটি ২১ লাখ টাকা। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৮ কোটি ৫৯ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১২ পয়েন্টে উন্নীত হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৫২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ১০৫টির কমেছে এবং ২৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।