প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম। দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’র সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে।
এই বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠানো হয়। পরবর্তীতে সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নির্দেশনা অনুসারে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির চিঠিতেও বিষয়টি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, কোর কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

