যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এই আহ্বান জানান। আনাদোলুর বরাতে এ তথ্য জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, বৈঠকে শি জিনপিং উল্লেখ করেন যে, চীন সব সময় সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে অটল রয়েছে। বেইজিং উত্তেজনা প্রশমন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় উৎসাহিত করার ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলেও তিনি জানান।

শি জিনপিং ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসার বিষয়ে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় পক্ষ দ্রুত সম্ভাব্য সব আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনে উদ্যোগী হবে। পারমাণবিক ইস্যুসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর মাধ্যমে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে তাইওয়ান ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। তিনি ওয়াশিংটনকে ‘তাইওয়ান স্বাধীনতার’ বিরোধী অবস্থান বজায় রাখা এবং তাইওয়ান প্রশ্নে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এতে দুই দেশের কৌশলগত সহযোগিতা ও সম্পর্কের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে। বেইজিংয়ের জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার বিষয়ে নিজের অবস্থান ‘সম্পূর্ণ স্পষ্ট’ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, কৌশলগত স্থিতিশীলতার ওপর ভিত্তি করে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা কোনো সাময়িক পদক্ষেপ নয়। এ ধরনের সম্পর্কের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি দুই দেশকে পারস্পরিক সহাবস্থানের সঠিক পথ খুঁজে পেতে সহায়তা করবে।

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৫৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৪