আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, ভেবেছিলাম ৫ আগস্টের পরে আওয়ামী লীগ শিক্ষা নেবে, কিন্তু তারা শিক্ষা গ্রহণ করেনি। তাই ওদেরকে নতুন করে আবার শিক্ষা দিতে হবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ থেকে লুট করে যে টাকা বিদেশে শেখ হাসিনা পাচার করেছেন, সেই অর্থ দিয়ে মাদকসেবীদের ভাড়া করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে। দেশে পরিকল্পিতভাবে যারা সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।