জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সরকারের কয়েকজন মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধান হুইপ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সফরে প্রধানমন্ত্রী ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, নিউইয়র্কে পৌঁছে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতরাশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান ও মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। ২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য ও জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের আয়োজিত একটি পার্শ্ব অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। ওই অনুষ্ঠানে তিনি দ্রুত প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাবেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন। একই দিনে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি বিষয়ক উচ্চপর্যায়ের সভায় তিনি উদ্বোধনী বক্তব্য রাখবেন। সফরকালে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির সরকারপ্রধানদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে মেটা, ওয়াল স্ট্রিটসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।