রাজধানী ঢাকা থেকে জেলা শহর কিংবা প্রত্যন্ত অঞ্চল—দেশের সর্বত্রই এখন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বিরোধ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। মুহূর্তের উত্তেজনায় ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র বা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে হত্যার মতো ঘটনা পরিবার ও সমাজে গভীর আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। অপরাধ গবেষকরা মনে করছেন, অপরাধীদের পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিচার নিশ্চিত করার পাশাপাশি সমাজে সহিষ্ণুতা বাড়ানো এখন সময়ের দাবি।
চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে এমন বেশ কয়েকটি নৃশংস ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে প্রাণ হারান ছোট ভাই ইমদাদুল হক বাদাল। একই দিন কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধে বোন খালেদা আক্তার ও ভাতিজা মনজুরুল আলম টিটুকে কুপিয়ে হত্যা করা হয়। ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে পারিবারিক কলহের জেরে নও-মুসলিম স্ত্রী মিম আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তারিক শিকদারের বিরুদ্ধে। এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদে যাওয়ার পথে বিয়ে সংক্রান্ত তুচ্ছ কথা কাটাকাটির জেরে ৬২ বছর বয়সি আবদুল মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলায় ভুল ধরা নিয়ে রফিক মিয়া নামে এক যুবককে এবং রাউজানে মোটরসাইকেল চুরির সন্দেহে করিম নামে একজনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৬টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে জুন মাসে সবচেয়ে বেশি ৩২৬টি এবং ফেব্রুয়ারিতে সবচেয়ে কম ২৫০টি মামলা নথিভুক্ত হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৭৭৮টি মামলা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২.২ শতাংশ বা ১৯৩টি বেশি। বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে ৪১১টি ও চট্টগ্রাম বিভাগে ৩৬৩টি মামলা হয়েছে, যা মোট মামলার প্রায় ৪৪ শতাংশ। মার্চ ও এপ্রিল মাসের ৬০৫টি হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এর মধ্যে ৩৩৬টি পূর্বশত্রুতাজনিত, ১৪৬টি পারিবারিক কলহ এবং ৬৯টি সম্পত্তি ও আর্থিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট।
সেপ্টেম্বরের অন্যান্য ঘটনার মধ্যে ৬ সেপ্টেম্বর রাজধানীর সবুজবাগে প্রেম সংক্রান্ত বিরোধে সিফাত উল্লাহকে, ৫ সেপ্টেম্বর সাভারে এসআই আলতাফ হোসেনকে, ৪ সেপ্টেম্বর নরসিংদীর শিবপুরে ছেলে শাকিলের হাতে বাবা আব্দুল বাছেদ মিয়াকে এবং ১ সেপ্টেম্বর নড়াইলে টিউবওয়েলের পানি পড়া নিয়ে বিরোধে সাইফুল বিশ্বাসকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই দিনে বগুড়ায় চোর সন্দেহে শামীম হোসেনকে নির্যাতন করে পায়ের রগ কেটে হত্যা এবং বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহে পিয়ারা বেগমকে দেবরের ছেলের হাতে হত্যার ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও অপরাধ গবেষক ড. তৌহিদুল হক জানান, অপরাধী পার পেয়ে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। অপরাধ গবেষকদের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়া, অবৈধ অস্ত্রের বিস্তার, স্থানীয় আধিপত্যের লড়াই এবং পুলিশের প্রতিরোধমূলক সক্ষমতার ঘাটতি এসব সহিংসতার প্রধান কারণ। তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, কমিউনিটি পুলিশিং জোরদার এবং দ্রুত পুলিশি হস্তক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন।
পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ২ হাজার ৭৬টি হত্যা মামলা হয়েছে। মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুনে ৩২৬ এবং জুলাইয়ে ২৯৮টি হত্যা মামলা হয়েছে। অর্থাৎ গড়ে মাসে প্রায় ২৯৬টি এবং দিনে প্রায় ১০টি হত্যা মামলা হয়েছে। হিসাবে দেখা গেছে, জুন মাসে সবচেয়ে বেশি ৩২৬টি হত্যা মামলা হয়েছে। এরপর মার্চে ৩১৭ এবং মে মাসে ৩১০টি। সবচেয়ে কম ছিল ফেব্রুয়ারিতে, ২৫০টি। প্রথম ৬ মাসের হিসাব বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১ হাজার ৭৭৮টি হত্যা মামলা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের চেয়ে ১৯৩টি বেশি। হিসাবে প্রায় ১২.২ শতাংশ হত্যা মামলা বেড়েছে।
চলতি বছরের শুরুর ৬ মাসের অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, ঢাকা বিভাগে ৪১১টি হত্যা মামলা হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ৩৬৩, রাজশাহীতে ১৮৩, খুলনায় ১৭৩, রংপুরে ১১০, সিলেটে ১০৮, ময়মনসিংহে ১০৫ এবং বরিশালে ৯৬টি। অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই মোট মামলার প্রায় ৪৪ শতাংশ।

