ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনের চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদে স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিটির মতবিনিময় শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। কমিটির কাজের গতি বাড়াতে প্রতি সপ্তাহে একটি করে বৈঠকের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডিসেম্বরের শেষ নাগাদ আলোচনা শেষ করে রিপোর্ট প্রণয়নের কাজ চূড়ান্ত করা সম্ভব হবে। এরপর আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিল আকারে সংবিধান সংশোধনী সংসদে উত্থাপন করা হবে।

মতবিনিময় সভায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে ১৫টি দল সরাসরি প্রতিনিধি নিয়ে অংশ নিয়েছে। এবি পার্টি লিখিত বক্তব্য জমা দিয়েছে এবং জাতীয় গণফ্রন্টের নেতারা পারিবারিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও টেলিফোনে সমর্থন জানিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি এই আলোচনা প্রক্রিয়ায় অংশ নেয়নি। এছাড়া মতবিনিময়ের মাঝপথে রাষ্ট্র সংস্কার আন্দোলন আলোচনা বর্জন করে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেছে।

সংবিধান ও শাসনব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশি ব্যবস্থার সংস্কারে অঙ্গীকারাবদ্ধ। এর অংশ হিসেবে অর্থবছর জুলাই-জুনের পরিবর্তে ১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ পর্যন্ত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের জন্য সংবিধানে পরিবর্তন প্রয়োজন। এছাড়া ১০০ সদস্য বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের (উচ্চকক্ষ) রূপরেখা নিয়ে অনেক দল একমত হয়েছে। এই উচ্চকক্ষ সরাসরি জনপ্রতিনিধি দিয়ে গঠিত হবে না, বরং সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে গঠিত হবে। তবে এই উচ্চকক্ষের কাছে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে না।

জুলাই সনদে কিছু দলের ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, যে বিষয়গুলোতে ভিন্নমত ছিল, সেগুলো নির্বাচনী ইশতেহারে সুস্পষ্টভাবে উল্লেখ করে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছে। জনগণের ম্যান্ডেট ও প্রতিশ্রুতি অনুযায়ীই সেগুলো বাস্তবায়ন করা হবে। বিএনপি সংস্কার চায় না—এমন অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য’ ও ‘অপপ্রচার’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

ভবিষ্যতে এই সংশোধনী আদালতে চ্যালেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংস্কার পরিষদের মাধ্যমে না হলে আদালতে চ্যালেঞ্জ হবে বা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না—এমন ধারণা ঠিক নয়। সংবিধান কোনো সর্বকালের জন্য অপরিবর্তনশীল গ্রন্থ নয়, বরং সমাজের চাহিদা অনুসারে তা পরিবর্তিত হয়। কোনো দল জনম্যান্ডেট নিয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা জনচাহিদা অনুযায়ী সংবিধানের যেকোনো বিধান পরিবর্তন করতে পারে। বিরোধী দলগুলো সংসদে না থাকলেও সংশোধনী বিল আসার সময় তারা অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।