পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর জেরে মামলার প্রধান আসামি মোস্তফা কামালের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু করে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত লাঠিসোঁটা, ইট-পাটকেল ও হাতুড়ি নিয়ে বাড়িটিতে এই হামলা চালানো হয়, যার ফলে ভবনটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ এলাকা থেকে নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। তাকে খুঁজে বের করার দাবিতে ১৪ সেপ্টেম্বর পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে মানববন্ধনও করেন এলাকাবাসী। তবে নিখোঁজের সাত দিন পর, ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই প্রতিবেশী মোস্তফা কামাল ও ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে নিহত শিশুর পরিবার ও স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ হওয়ার পরপরই পুলিশ যদি সক্রিয়ভাবে অনুসন্ধান চালাত, তবে হয়তো কলিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো। এছাড়া ঘটনার সময় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলামের একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ আরও বাড়ে। ভিডিওতে তাকে উত্তেজিত জনতাকে লক্ষ্য করে বলতে শোনা যায়, "এখন আগুন দিয়েন না। পুলিশ তো এখানে বছর ভরে থাকবে না। আমরা চলে যাওয়ার পর যা ইচ্ছা কইরেন।"
ওসির এই বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করার পরিবর্তে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। নিহত শিশুর স্বজন ও এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও বিতর্কিত ভূমিকা রাখা পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
তবে জেলা পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা সব ধরনের অবহেলার অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য তারা অত্যন্ত দ্রুততার সাথে উদঘাটন করে জড়িত আসামিদের গ্রেপ্তার করেছে। আসামির বাড়িতে ভাঙচুরের সময়ও উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করা হয়েছিল এবং আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়েছিল বলে জানান সদর থানার ওসি তারিকুল ইসলাম।

