গাজীপুর জেলা কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে লেগেছে শিল্পের ছোঁয়া। কারাগারের ভেতরেই নানা রকমের হাতের কাজ শিখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সাজাপ্রাপ্ত বন্দিরা। সুই-সুতোয় নকশি কাঁথা বোনা থেকে শুরু করে সেলাই মেশিনে পোশাক তৈরি—সবকিছুই চলছে সমান তালে। বন্দিদের এই কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে একদিকে যেমন অলস সময় কাটছে, অন্যদিকে মুক্তির পর নতুন করে বাঁচার পথ তৈরি হচ্ছে।
সম্প্রতি বিশেষ অনুমতি নিয়ে গাজীপুর জেলা কারাগার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, নারী বন্দিদের জন্য নির্ধারিত ভবনের মেঝেতে বসে সারিবদ্ধভাবে কাজ করছেন অনেকে। কেউ সুই-সুতো দিয়ে কাপড়ের ওপর ফুটিয়ে তুলছেন নান্দনিক নকশা, আবার কেউ ব্যস্ত সেলাই মেশিনে। অত্যন্ত নিখুঁত সেলাই ও ধৈর্যের সাথে তারা তৈরি করছেন নকশি কাঁথা ও বুটিকসের বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী। কাজের ফাঁকে গল্প আর হাসি-ঠাট্টায় মেতে উঠছেন তারা, যা তাদের বন্দিজীবনের একঘেয়েমি দূর করছে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ভবিষ্যৎ জীবনে আয়ের একটি নিশ্চিত পথ তৈরি করে নিচ্ছেন।
পুরুষ বন্দিদের জন্যও রয়েছে ভিন্ন ব্যবস্থা। কারাগারের ভেতরে স্থাপন করা পোশাক কারখানায় তাদের দেওয়া হচ্ছে আধুনিক সেলাই ও টি-শার্ট তৈরির প্রশিক্ষণ। দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তারা হাতে-কলমে কাজ শিখছেন এবং উৎপাদিত পোশাকের মানও যাচাই করছেন। বন্দিদের সঙ্গে কথা বলে জানা যায়, কারাগারে সময় কাটানো বেশ কঠিন, তবে ভালো কাজে যুক্ত থাকলে সময় দ্রুত কেটে যায়। এই প্রশিক্ষণ তাদের জন্য এক বড় সুযোগ, যা মুক্তির পর জীবন নিয়ে দুশ্চিন্তা দূর করবে।
মোমেনা (ছদ্মনাম) নামের এক নারী বন্দি নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, আগে সারাক্ষণ ভাবতেন কীভাবে সময় কাটবে। এখন প্রশিক্ষণ পেয়ে কাজ করছেন এবং সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, কারাগার থেকে মুক্তির পর এই কাজকে কাজে লাগিয়ে তিনি নিজেই নিজের জীবিকা নির্বাহ করতে পারবেন। বন্দিদের কাজের মান দেখে জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন অত্যন্ত সন্তুষ্ট এবং তারা প্রতিনিয়ত বন্দিদের উৎসাহ জোগাচ্ছেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা কারাগারে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ বন্দি রয়েছেন। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দিদের পুনর্বাসন ও সংশোধনের লক্ষ্যেই এই প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ‘বন্দির হাত হবে কর্মীর হাত’—এই স্লোগানকে সামনে রেখে বন্দিদের বিভিন্ন ইউনিট ও দলে ভাগ করে এই কর্মমুখী শিক্ষা দেওয়া হচ্ছে।

