রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এবং বাজেট বাস্তবায়নে ব্যাংক ব্যবস্থার ওপর চাপ কমাতে বিকল্প উৎসের খোঁজে নেমেছে সরকার। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চীন, জাপান, হংকং ও যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন ধরনের বন্ড ছেড়ে আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় এই বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার। সার্বভৌম বন্ড ছাড়াও অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি সুকুক বা ইসলামী বন্ড, বহুপক্ষীয় সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা, স্বল্পমেয়াদি সার্বভৌম সুকুক, অভ্যন্তরীণ ট্রেজারি বন্ডের বিপরীতে বন্ধকি ঋণ এবং সবুজ ও নীল বন্ড ইস্যুর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা সতর্ক করে বলেছেন, এগুলো শেষ পর্যন্ত ঋণই। তাই মূল রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য থেকে সরকারের মনোযোগ সরানো যাবে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে নেওয়া হয়েছে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা, যা নির্ধারিত ১ লাখ ২৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হাজার কোটি টাকা বেশি। অন্যদিকে, বিদেশি উৎস থেকে এসেছে ৫৮ হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক বাজার থেকে এই ঋণ নেওয়ার পরিকল্পনা এমন এক সময়ে করা হচ্ছে, যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ স্থায়িত্বের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ‘নিম্ন ঝুঁকি’ থেকে ‘মধ্যম ঝুঁকি’তে উঠেছে। পাশাপাশি ২০২৪ সালে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিস ও এসঅ্যান্ডপি বাংলাদেশের ক্রেডিট রেটিং কমিয়েছে। ফলে বিদেশি বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সার্বভৌম বন্ড ইস্যুর কৌশল ও সম্ভাব্যতা যাচাইয়ে গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গণিকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা রয়েছেন। কমিটি ইতিমধ্যে তাদের পর্যালোচনা প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এতে সম্মতি দিয়েছেন। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
বন্ড ছাড়ার প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, চীনের বাজারে চীনা মুদ্রা ইউয়ানে ‘পান্ডা বন্ড’ ইস্যু করা হবে। এছাড়া জাপানের বাজারে জাপানি ইয়েনে ‘সামুরাই বন্ড’, হংকংয়ের বাজারে ‘ডিমসাম বন্ড’ এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে ডলারভিত্তিক বন্ড ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই বন্ডগুলোর শর্ত ও পরিমাণ পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান ও এইচএসবিসির বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেবে সরকার।

