কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দড়ানীপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন খালেদা আক্তার (৭০) এবং তার ভাইয়ের ছেলে মনজুরুল আলম টিটু (৩৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত খালেদা আক্তার এবং তার ভাই বাচ্চু মিয়ার সঙ্গে তাদের আরেক ভাই আবু মিয়ার পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এই জমি নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আবু মিয়া দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খালেদা আক্তার ও তার ভাতিজা মনজুরুল আলম টিটুকে গুরুতর আহত করেন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে। যেহেতু ঘটনাস্থলটি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলায়, তাই মুরাদনগর থানা পুলিশ বর্তমানে সেখানে কাজ করছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবু মিয়া পলাতক রয়েছেন।

