বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ ও দ্বাদশ আসরকে ঘিরে দুর্নীতির অভিযোগে আরও দুই কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, অভিযুক্ত এই দুই কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী বিধিমালার বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্তরা হলেন মো. আব্দুল কাইয়ুম রাশেদ ও মো. আমিন খান।
বোর্ডের তথ্য অনুযায়ী, মো. আব্দুল কাইয়ুম রাশেদ বিপিএলের দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের মালিক ছিলেন। অন্যদিকে, মো. আমিন খান একাদশ আসরে দুর্বার রাজশাহীর এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের পরিচালিত তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মূলত দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে অসহযোগিতা এবং তদন্ত কাজে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানোর অভিযোগ রয়েছে।
আব্দুল কাইয়ুম রাশেদের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে অনৈতিকভাবে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতির প্রস্তাবের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত না করা এবং তদন্তে অসহযোগিতা করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। একইসঙ্গে আমিন খানের বিরুদ্ধে ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল প্রভাবিত করা, দুর্নীতিতে প্ররোচনা দেওয়া, তদন্তে অসহযোগিতা করা এবং প্রমাণাদি ধ্বংস বা তদন্তে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, অভিযুক্ত এই দুই কর্মকর্তা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন। এর আগে বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগ একই ধরনের অভিযোগে আরও কয়েকজন কর্মকর্তার নাম প্রকাশ করেছিল।

