লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের এই দুটি ট্যাংকারকে লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই সমন্বিত হামলা চালানো হয়। হুতি বিদ্রোহীদের দাবি, তাদের এই হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে গেছে।
হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। তারা আরও ঘোষণা দিয়েছে যে, এখন থেকে সৌদি আরবের ওপর তারা একইভাবে নৌ-অবরোধ আরোপ করবে। চলতি সপ্তাহেই হুতিরা হুঁশিয়ারি দিয়েছিল যে, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদির কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না এবং এই পথ ব্যবহারের চেষ্টা করলে কঠোর হামলার মুখোমুখি হতে হবে।
এদিকে হুতিদের দাবির বিপরীতে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) কিছুটা ভিন্ন তথ্য জানিয়েছে। সংস্থাটির ভাষ্যমতে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন ধরেছে। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সংস্থাটি।

