ভারতের যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই আন্দোলনের অংশ হিসেবে মুম্বাইয়ের রাস্তায় নেমেছেন অসংখ্য তরুণ ও শিক্ষার্থী। এই উত্তাল পরিস্থিতির মাঝে সাহসিকতার পরিচয় দিয়ে আলোচনায় উঠে এসেছেন ২৭ বছর বয়সী অভিনেত্রী, মডেল ও সঞ্চালক রিয়া আহির। মুম্বাইয়ের শিবাজি পার্কের কাছে পুলিশের একটি ভ্যানের সামনে তার একাই দাঁড়িয়ে পড়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ দিয়ে রিয়া জানান, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি শিবাজি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলেন। সে সময় তিনি দেখেন, পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। রিয়া জানান, আন্দোলনকারীদের স্লোগান শুনে তিনি নীরব থাকতে পারেননি এবং তাদের অকারণে আটক করা হচ্ছে বলে তার মনে হয়েছে। তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি দৌড়ে গিয়ে ভ্যানটির সামনে দাঁড়িয়ে পড়েন এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।
রিয়া আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। পুলিশ তাকে আশ্বস্ত করার চেষ্টা করে যে কিছু দূর নিয়ে তাদের ছেড়ে দেয়া হবে। কিন্তু রিয়া এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি। তিনি প্রশ্ন তোলেন, যদি তাদের ছেড়েই দেয়া হয়, তবে এখনই কেন মুক্তি দেয়া হচ্ছে না? এ প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর পুলিশ দিতে পারেনি, যা থেকে রিয়া বুঝতে পারেন পুলিশের এই পদক্ষেপ সঠিক ছিল না।
বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে রিয়া খুবই আতঙ্কিত ছিলেন বলে স্বীকার করেন। তবুও তিনি তার অবস্থানে অনড় থাকেন। শেষ পর্যন্ত পুলিশ আটক আন্দোলনকারীদের মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তি পাওয়ার পর আন্দোলনকারীরা রিয়ার কাছে এসে কৃতজ্ঞতা জানান এবং হাত মিলিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। রিয়া জানান, এটি কোনো পরিকল্পিত কাজ ছিল না, বরং পরিস্থিতি দেখে সচেতন নাগরিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। তিনি আশঙ্কা করেছিলেন যে থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে। তিনি মনে করেন, সেদিন এমনটা না করলে তিনি নিজের কাছেই ছোট হয়ে যেতেন।

