সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন মা তানিয়া, ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা। দুর্ঘটনায় পরিবারটির বাবা শফিকুল ইসলাম ও তাদের বড় ছেলে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে নিজস্ব প্রাইভেট কারে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর রিয়াদ-মক্কা মহাসড়কে পেছন থেকে একটি দ্রুতগামী বড় যানবাহন তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
নিহত তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা যাওয়ার পথেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়ে তাদের পরিবারটি। পেছন থেকে আসা বড় যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার বোন ও দুই ভাগনে-ভাগনি প্রাণ হারান।

