ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী মোনালি ঠাকুর নিজের জীবনের নানা উপলব্ধি ও ব্যক্তিগত টানাপড়েন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি তিনি মানুষের চেয়ে পশুদের প্রতি নিজের অগাধ বিশ্বাসের কথা জানিয়েছেন। 'মোহ মোহ কে ধাগে' গানের জন্য জাতীয় পুরস্কারজয়ী এই গায়িকা জানান, বর্তমান সময়ে মানুষের ওপর আস্থা রাখা তার জন্য কঠিন হয়ে পড়েছে।
নিজের জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করে মোনালি বলেন, "আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ। আমি আমার খারাপ সময়ে সেই পশুদের থেকে, প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছিলাম তার জোরেই হয়তো নিজেকে সামলে নিয়ে টিকে আছি।" গত বছর এই গায়িকার দাম্পত্য জীবনে ফাটল ও ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি আবেগঘন পোস্ট থেকে বৈবাহিক জীবনে মানসিক ও শারীরিক নির্যাতনের ইঙ্গিত পাওয়া যায়। যদিও পরবর্তীতে এই সম্পর্ক নিয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি এবং সমস্ত নেতিবাচকতা সরিয়ে নিজের ছন্দে জীবনে এগিয়ে গেছেন।
সঙ্গীতজগতের পাশাপাশি রিয়ালিটি শোগুলো নিয়েও নিজের অনীহার কথা প্রকাশ করেছেন মোনালি। এ বিষয়ে তিনি বলেন, "সেই একই জিনিস বারবার বহু বছর ধরে হয়ে আসছে। কোনও নতুনত্ব নেই। তাই আমার এখন রিয়ালিটি শো একদম ভালো লাগে না।"
গানের বাইরে শাড়ির প্রতি ভালোবাসা থেকে মোনালি গড়ে তুলেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘ঠাকুরাইন’। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই এই ব্র্যান্ডের শাড়ির কালেকশন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহু গুণী শিল্পীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। সেগুলোই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছি।" শখের বশে ও ভালোবাসার জায়গা থেকে এই ব্যবসা শুরু করলেও এটি তার আয়ের মূল উৎস নয় বলে জানান তিনি। একই সাথে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, বিদেশে ভারতীয় পণ্যের যে বিপুল কদর রয়েছে, নিজের দেশে তেমন মূল্যায়ন পাওয়া যায় না। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে মোনালি এখন সমস্ত নেতিবাচকতা এড়িয়ে ভালো থাকাকেই জীবনের মূল লক্ষ্য মনে করেন।

