ঢাকায় হোটেল অতিথিদের তালিকা সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজধানীর আবাসিকসহ বিভিন্ন হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। অপরাধ প্রতিরোধে এবং প্রয়োজনে যাতে দ্রুত এই তথ্য পাওয়া যায়, সেজন্য হোটেলগুলো থেকে অতিথিদের এই তালিকা সংগ্রহ করার তাগিদ দেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার। সভায় তিনি অপরাধ নিয়ন্ত্রণে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, ডিবি ও থানা-পুলিশকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাভিত্তিক দায়িত্ব সুনির্দিষ্টভাবে ভাগ করে ডিউটি করার নির্দেশ দেন তিনি, যাতে কোনো এলাকায় নিরাপত্তার ঘাটতি বা শূন্যতা তৈরি না হয়।

অপরাধীরা যাতে দেশের অন্য অঞ্চল থেকে এসে রাজধানীতে অপরাধ করতে না পারে, সেজন্য ঢাকার প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লক চেকসহ সার্বিক নিরাপত্তা জোরদার করার ওপর জোর দেন মোসলেহ্ উদ্দিন আহমদ। সন্দেহভাজনদের গতিবিধি অপরাধ সংঘটনের আগেই নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তা তাৎক্ষণিকভাবে কাজে লাগানোর জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার।

ডিএমপির এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং রাজধানীর সব থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।