প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান অবশেষে আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর শেষ রাউন্ডে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের (এসএনজিপিএল) অধিনায়ক হিসেবে খেলবেন এই তারকা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি।

ইংল্যান্ড সফর থেকে ফেরার পর থেকেই রিজওয়ানের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া-সংক্রান্ত অভিযোগের তদন্ত করছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তদন্তের অংশ হিসেবে তার আর্থিক লেনদেন এবং মোবাইল ফোনের তথ্য পরীক্ষা করা হচ্ছে। যদিও তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, তবে তদন্তটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই অনিশ্চয়তার কারণে আট দলের প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দল থেকে মাঝপথে বাদ পড়ার পর রিজওয়ান এসএনজিপিএলের সঙ্গে যোগ দেন। পিসিবি সূত্রে শুরুতে ফিটনেস টেস্টের ছাড়পত্র না পাওয়ার কথা বলা হলেও পরবর্তীতে জানা যায়, এনসিসিআইএ-এর নির্দেশের কারণেই মূলত তিনি খেলতে পারছিলেন না। ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, কায়েদ-এ-আজম ট্রফিতে পেশোয়ারের হয়েও তার খেলার কথা রয়েছে।

ইংল্যান্ড সফরের পর থেকে রিজওয়ানকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। একই তদন্তের মুখে রয়েছেন ইমাম উল হকও। তবে রিজওয়ান এই সংস্থার আচরণের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং আদালতের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, ইমাম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং তিনিও এখন পর্যন্ত প্রেসিডেন্টস ট্রফিতে খেলার অনুমতি পাননি।

তিন ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলা রিজওয়ানের ফেরা এসএনজিপিএলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করা হচ্ছে। উইকেটের পেছনের দক্ষতা, চাপের মুখে ব্যাটিং এবং অধিনায়কত্বের অভিজ্ঞতার কারণে ঘরোয়া ক্রিকেটেও তার উপস্থিতি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।