রেকর্ড নবম ব্যালন ডি'অরের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইকুয়েডরের অফিশিয়াল জুরির প্রথম পছন্দের ভোট পাওয়ার মধ্য দিয়ে এই দৌড়ে তিনি এগিয়ে গেছেন। দেশটির ব্যালন ডি'অর ভোটার সাংবাদিক পাত্রিসিও কর্নেহো গার্সেস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘানার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইয়েন ডট কম ডট জিএইচের প্রতিবেদন অনুযায়ী, রেডিও ক্যারাভানার প্রবীণ সাংবাদিক ও জুরি প্যাট্রিসিও কর্নেহো গার্সেস নিজের ব্যালটের শীর্ষস্থানে মেসিকে রেখেছেন। এর মাধ্যমে তিনি মেসিকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিশ্চিত করেছেন। পাত্রিসিও কর্নেহো গার্সেস জানিয়েছেন, ২০২৬ সালের ব্যালন ডি'অরের জন্য তার প্রথম পছন্দের ভোটটি লিওনেল মেসিকেই দিয়েছেন।
ফ্রান্স ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের বিশিষ্ট সাংবাদিকরা এই ভোট দেওয়ার সুযোগ পান। ইকুয়েডর বর্তমানে র্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকায় পাত্রিসিও কর্নেহো গার্সেস এই ভোটাধিকার পেয়েছেন।
৩৯ বছর বয়সী এই ফুটবলার ৪৯টি ম্যাচে ৪৫টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন, যা তাকে বর্তমান সময়ের বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং খেলোয়াড়দের কাতারে স্থান দিয়েছে। ক্লাব পরিসংখ্যানের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে মেসির প্রভাব তাকে ফুটবলের এই সর্বোচ্চ ব্যক্তিগত মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার দৌড়ে এগিয়ে রেখেছে।

