স্পেনে বিশ্বকাপ জয়ের আনন্দ উৎসবে ফোয়ারা ভেঙে কিশোর নিহত

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে এই ঐতিহাসিক জয়ের বাঁধভাঙা উল্লাস মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। সোমবার ভোরে পশ্চিম স্পেনের সিউদাদ রদ্রিগো শহরে একটি ফোয়ারা ভেঙে ১৩ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের এই ঐতিহাসিক প্রাচীরঘেরা শহরে ঘটা এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১২টার কিছুক্ষণ পর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে শত শত মানুষ জড়ো হয়েছিলেন ঐতিহাসিক এই জয় উদযাপনের জন্য। ঠিক সেই সময়ই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি হঠাৎ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ১৩ বছরের ওই কিশোর প্রাণ হারায় এবং আরও দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানায়, পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে শোকাহত। নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ আরও উল্লেখ করে যে, স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল, তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।