এশিয়ান গেমস নাম হলেও প্রতিযোগিতায় চীনের একচেটিয়া আধিপত্য দেখে একে ‘চায়না গেমস’ বললেও যেন কম বলা হয়। টানা চার দশক ধরে এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে দেশটি। এবারের আসরের দুই সপ্তাহব্যাপী প্রতিযোগিতার অর্ধেক সময় পেরিয়ে গেলেও সেই চিত্র অপরিবর্তিত রয়েছে।
রোববারের হিসাব অনুযায়ী, চীন ১১৯টি স্বর্ণপদক জিতে তালিকার শীর্ষে অবস্থান করছে। মোট পদক হিসেবেও দেশটি অনেক এগিয়ে; ৪৮টি রৌপ্য ও ৩৮টি ব্রোঞ্জসহ তাদের মোট পদকের সংখ্যা ২০৫টি। ১৯৯০ সালের বেইজিং এশিয়ান গেমস থেকে শুরু করে টানা ১০টি আসরে ১০০ বা তার বেশি স্বর্ণপদক জয়ের অনন্য রেকর্ড গড়েছে চীন।
পদক তালিকায় চীনের পরেই রয়েছে জাপান, যারা ৩৭টি স্বর্ণসহ মোট ১৫৭টি পদক জিতেছে। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ২১টি স্বর্ণসহ মোট ৮৩টি পদক পেয়েছে। এছাড়া উজবেকিস্তান ও কাজাখস্তান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এবারের আসরে অংশ নিচ্ছেন অন্তত ১১ হাজার ক্রীড়াবিদ, যা দুই বছর আগের প্যারিস অলিম্পিকের ১০ হাজার ৭০০ ক্রীড়াবিদের চেয়েও বেশি।
তবে বাংলাদেশের ক্রীড়ামোদীদের জন্য হতাশাজনক খবর হলো, বরাবরের মতোই পদক তালিকার তলানিতে অবস্থান করছে লাল-সবুজের বাংলাদেশ। বাংলাদেশসহ ব্রুনেই, মঙ্গোলিয়া ও সিরিয়ার মতো দেশগুলো এখন পর্যন্ত মাত্র একটি করে ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হয়েছে।
প্রথম সপ্তাহের সাঁতার ইভেন্টেও চীনের দাপট ছিল চোখে পড়ার মতো। সাঁতার থেকেই চীন একাই জিতেছে ৩০টি স্বর্ণপদক। এর মধ্যে ফ্রিস্টাইল সাঁতারু ঝাং ঝানশু একাই জিতেছেন সাতটি স্বর্ণ। এছাড়া ১৩ বছর বয়সী চীনের ইউ জিদিও তিনটি স্বর্ণ জয় করেছেন। এই দুই সাঁতারু আগামী বছরের হাঙ্গেরির বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের বড় তারকা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর মধ্যে ২০০, ৪০০, ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলের চারটি ইভেন্টই রয়েছে।
২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা জেতেন তিনি।

