আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: টিকিটের দাম আকাশচুম্বী, গুনতে হবে ১৪ লাখ টাকা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল মঞ্চস্থ হতে আর মাত্র একদিন বাকি। আগামী ১৯শে জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। লিওনেল মেসির দলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন কিংবা স্প্যানিশদের দ্বিতীয়বার বিশ্বজয়ের এই ঐতিহাসিক মুহূর্তটি মাঠে বসে দেখার জন্য ফুটবলপ্রেমীদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা মার্কিন ক্রীড়া ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে এই ম্যাচের টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার ৩২৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকার সমান।

টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘টিকপিক’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, স্টেডিয়ামে প্রবেশের জন্য সবচেয়ে সস্তা বা সর্বনিম্ন মূল্যের টিকিট কিনতে এখন ৭ হাজার ৪০০ ডলারের বেশি গুনতে হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ টাকারও বেশি। এছাড়া স্টাবহাব, সিটগিক বা গেমটাইমের মতো সেকেন্ডারি মার্কেট প্ল্যাটফর্মগুলোতেও সর্বনিম্ন টিকিটের দাম ৭ হাজার ৩০০ থেকে ৮ হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। এর আগে যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে ২০২৪ সালের সুপার বোলে টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার, যা ছিল সর্বোচ্চ। তবে এবারের বিশ্বকাপ ফাইনাল সেই রেকর্ডকে বহু পেছনে ফেলে দিয়েছে।

টিকপিক-এর ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব গ্রোথ ম্যাট ফেরেল জানান, এই লড়াইয়ের উন্মাদনা আগে কখনো কল্পনাও করা যায়নি। তিনি বলেন, এটি বৈশ্বিক ক্রীড়া আসরের এমন এক চূড়া যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেমিফাইনালের আগেও টিকিটের সর্বনিম্ন মূল্য ৬ হাজার ডলারের কাছাকাছি ছিল, কিন্তু আর্জেন্টিনা ও স্পেন ফাইনাল নিশ্চিত করার পরপরই দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। মার্কিন ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়া সকার ফিভার এবং দুই পরাশক্তির সমর্থকদের স্টেডিয়াম দখলের তীব্র আকাঙ্ক্ষাই এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির মূল কারণ। ফাইনাল ম্যাচের সময় ঘনিয়ে আসায় টিকিটের এই দাম কমার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।