এপিএল ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন ১ হাজারেরও বেশি ক্রিকেটার। এই তালিকায় বাংলাদেশের ৮ জন ক্রিকেটার রয়েছেন। ড্রাফটে নাম লেখানো বাংলাদেশের এই ৮ ক্রিকেটার হলেন তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন।

বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটে আরও বেশ কিছু পরিচিত মুখ রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে গুড়াকেশ মোতি, এভিন লুইস ও আলজারি জোসেফ; ইংল্যান্ড থেকে লুক উড, রিস টপলি ও জেমস ভিন্স এবং শ্রীলঙ্কা থেকে চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গারা ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন।

টুর্নামেন্টের ড্রাফট আয়োজনের জন্য প্রথমে ২৭ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে এই ড্রাফট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটির মালিকানা নিশ্চিত হলেও বাকি দুই দলের মালিকানা চূড়ান্ত না হওয়ায় ড্রাফট পেছানো হয়েছে।