কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের একটি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ৪ হাজার কোটি ডলারের বড় অঙ্কের একটি চুক্তি স্বাক্ষর করেছে স্পেসএক্স। সোমবার (২৬ অক্টোবর) স্পেসএক্সের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী, অ্যাপোলোর ওই সহযোগী প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ ও সার্ভার সরঞ্জাম ক্রয় করবে এবং পরবর্তীতে তা স্পেসএক্সকে ভাড়া দেবে।
নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, সরঞ্জামগুলো বুঝে পাওয়ার পর থেকে প্রতিটি ইজারার মেয়াদ পাঁচ বছরের কিছু বেশি সময় ধরে কার্যকর থাকবে। স্পেসএক্স মূলত চাঁদ ও মঙ্গল গ্রহে তাদের উচ্চাভিলাষী অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতার চাহিদা মেটাতে এই বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি চলতি বছরের শেষ নাগাদ চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। চিপ সরবরাহ পাওয়ার পর ২০২৭ সালের প্রথমার্ধ থেকে ইজারার মেয়াদ শুরু হওয়ার কথা রয়েছে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) কেনার জন্য ৪০ বিলিয়ন ডলারের ঋণ অর্থায়ন চূড়ান্ত করেছে তার প্রতিষ্ঠান। মাস্কের ভাষ্যমতে, এই অর্থায়নের বড় একটি অংশ প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সরবরাহ পাওয়ার অপেক্ষায় থাকা চিপগুলোর জন্য ব্যয় হবে। তবে তিনি উল্লেখ করেছেন, চলতি প্রান্তিকে এই চুক্তির বড় কোনো প্রভাব পড়বে না।
স্পেসএক্সের প্রধান অর্থ কর্মকর্তা ব্রেট জনসেন জানিয়েছেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয় ৩৫ থেকে ৪০ বিলিয়ন ডলারের মধ্যে থাকার প্রত্যাশা করা হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে, এনভিডিয়ার চিপ কেনার জন্য ৪০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে ব্যাংক ও বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে স্পেসএক্স।

