ডাইনোসর বিলুপ্তির রহস্য ও পৃথিবীর পরিবেশনির্ভরতার বৈজ্ঞানিক প্রমাণ

প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে একটি মহাজাগতিক বিপর্যয় পৃথিবীর বিবর্তনের ইতিহাস চিরতরে বদলে দিয়েছিল। সেই সময়ে স্থলের আধিপত্য বিস্তারকারী অ-এভিয়ান ডাইনোসর সম্পূর্ণ বিলুপ্ত হয় এবং একই সঙ্গে সামুদ্রিক প্রাণী, ক্ষুদ্র প্ল্যাঙ্কটনসহ অসংখ্য জীবগোষ্ঠী মারাত্মক ক্ষতির মুখে পড়ে। বিজ্ঞানের ভাষায় এই সংকটময় ঘটনাটি ক্রিটেশিয়াস-প্যালিওজিন বা কে-পিজি (K–Pg) গণবিলুপ্তি নামে পরিচিত। বিভিন্ন ভূ-তাত্ত্বিক প্রমাণ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের কাছে একটি প্রকাণ্ড গ্রহাণুর আঘাতই ছিল এই মহাবিপর্যয়ের মূল কারণ, যার পাশাপাশি ভারতে সংঘটিত ব্যাপক আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত সে সময় পরিবেশগত চাপ আরও বাড়িয়ে দিয়েছিল।

ডাইনোসর বিলুপ্তির এই বৈজ্ঞানিক ব্যাখ্যা কেবল ধারণানির্ভর নয়; বিশ্বজুড়ে পাওয়া শিলাস্তর, জীবাশ্ম ও বিরল মৌলের বিশ্লেষণ এর ভিত্তি তৈরি করেছে। সবচেয়ে বড় প্রমাণ হলো মেক্সিকোর ইউকাতান উপদ্বীপের নিচে আনুমানিক ১৮০ কিলোমিটার ব্যাসের 'চিকশুলুব' আঘাতজনিত গহ্বর। ভূতাত্ত্বিক পরীক্ষায় স্পষ্ট দেখা গেছে, প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে একটি বিশালাকার মহাজাগতিক বস্তু ঠিক এই স্থানে আছড়ে পড়েছিল। গহ্বরের শিলায় বিকৃতি এবং বিশ্বজুড়ে সমসাময়িক শিলাস্তরে একই ধরনের পদার্থের উপস্থিতি প্রমাণ করে যে এই আঘাতের পরেই ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল।

এ ছাড়া শিলাস্তরে ইরিডিয়াম নামের একটি পদার্থের অস্বাভাবিক উপস্থিতি গ্রহাণু আছড়ে পড়ার তত্ত্বকে আরও জোরালো করে। ভূত্বকে ইরিডিয়াম অত্যন্ত বিরল হলেও গ্রহাণুতে এর আধিক্য থাকে। বিশ্বব্যাপী তৎকালীন ভূতাত্ত্বিক স্তরে ইরিডিয়ামের উচ্চ ঘনত্বের পাতলা স্তর পাওয়া গেছে, যা আঘাতের ফলে বায়ুমণ্ডলে ধূলিকণা ছড়িয়ে পড়ার বিষয়টি সমর্থন করে। পাশাপাশি প্রচণ্ড চাপের বিস্ফোরণ ছাড়া তৈরি হতে না পারা 'শকড কোয়ার্টজ' এবং গলিত কাচসদৃশ ক্ষুদ্র কণার বৈশ্বিক উপস্থিতি এই মহাজাগতিক সংঘাতের অকাট্য সত্যতা তুলে ধরে।

গ্রহাণুটি আছড়ে পড়ার সাথে সাথেই প্রচণ্ড তাপ ও বিস্ফোরণে আশপাশের বিশাল এলাকা ধ্বংস হয়ে যায় এবং তৈরি হয় শক্তিশালী ভূকম্পন ও সুনামি। তবে জীবজগতের মূল সংকট শুরু হয়েছিল এরপরের পরিবেশগত বিপর্যয় থেকে। বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া ধুলাবালি, সূক্ষ্ম কণা ও সালফারজাতীয় পদার্থ বায়ুমণ্ডলকে ঢেকে ফেলে, ফলে সূর্যরশ্মি ভূপৃষ্ঠে পৌঁছাতে পারেনি। এর ফলে তাপমাত্রা দ্রুত নেমে যায় এবং উদ্ভিদের সালোকসংশ্লেষণ বন্ধ হয়ে খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ে। উদ্ভিদের অভাবে তৃণভোজী ডাইনোসররা প্রথমে খাদ্যাভাবে মারা যায় এবং পরবর্তীতে তাদের ওপর নির্ভরশীল মাংসাশী ডাইনোসরগুলোও বিলুপ্ত হয়। বিজ্ঞানীরা এই পরিস্থিতিকে 'ইমপ্যাক্ট উইন্টার' বা আঘাত-পরবর্তী শীতলায়ন হিসেবে অভিহিত করেন।

একই সময়ে ভারতের বর্তমান ডেকান অঞ্চলে চলমান ব্যাপক আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত থেকে বিপুল লাভার সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও সালফার ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়। এতে সমুদ্র ও বায়ুমণ্ডলের রাসায়নিক ভারসাম্যে বড় পরিবর্তন আসে। যদিও অগ্ন্যুত্পাতের ভূমিকা নিয়ে গবেষণা অব্যাহত, বিজ্ঞানীরা একমত যে অ-এভিয়ান ডাইনোসর বিলুপ্তির প্রধান অনুঘটক ছিল গ্রহাণুর আঘাত, আর আগ্নেয়গিরির গ্যাস পরিবেশের ওপর অতিরিক্ত সংকট সৃষ্টি করেছিল।

তবে এই বিপর্যয়ে সব ডাইনোসর কিন্তু শেষ হয়ে যায়নি। টাইরানোসরাস ও ট্রাইসেরাটপসের মতো অ-এভিয়ান ডাইনোসর বিলুপ্ত হলেও ডাইনোসরের একটি বিশেষ শাখা বেঁচে গিয়েছিল। আধুনিক বিবর্তনীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী, আজকের পাখিরা সেই টিকে যাওয়া ডাইনোসরীয় বংশধারারই অংশ। ছোট শারীরিক গঠন, বহুমুখী খাদ্যাভ্যাস এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার দক্ষতার কারণে তাদের পূর্বপুরুষেরা টিকে থাকতে পেরেছিল। ডাইনোসরদের বিলুপ্তির ঘটনা প্রমাণ করে পৃথিবীর জীবজগৎ কতটা পরিবেশের ওপর নির্ভরশীল, পাশাপাশি এটি দেখায় যে গণবিলুপ্তি সব জীবনের শেষ নয়, বরং কখনো কখনো বিপর্যয় থেকেই নতুন বিবর্তনের সূত্রপাত ঘটে।