আঙুলের ছাপের অনন্য জ্যামিতিক নকশা ও বৈজ্ঞানিক রহস্য

পুরো মহাবিশ্বে আপনার আঙুলের ছাপের জ্যামিতিক নকশার কোনো কপি নেই, কথাটি সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে এক বিস্ময়কর বৈজ্ঞানিক সত্য। এই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষের একেকজনের আঙুলের ছাপ সম্পূর্ণ অনন্য এবং অদ্বিতীয়। এমনকি আইডেনটিকাল জমজ সন্তানের ডিএনএ ৯৯.৯৯% এক হওয়া সত্ত্বেও তাদের আঙুলের ছাপ কখনো এক হয় না।

মানুষের আঙুলের ছাপ মূলত মায়ের গর্ভে থাকা অবস্থায় তৈরি হয়। গর্ভধারণের ১০ম থেকে ১৩তম সপ্তাহের মধ্যে শিশুর আঙুলের ত্বকে প্রাথমিক রেখাগুলো তৈরি হতে শুরু করে এবং ১৬তম থেকে ১৯তম সপ্তাহের মধ্যে এই নকশাটি স্থায়ী রূপ নেয়। গর্ভাশয়ের ভেতরের অ্যামনিওটিক তরলের প্রবাহ ও চাপ, রক্তনালীর বিন্যাস এবং ভ্রূণের নড়াচড়ার মতো অজস্র পরিবর্তনশীল জৈবিক বিষয়ের ওপর নির্ভর করে এই নকশা গড়ে ওঠে। এই সূক্ষ্ম প্রক্রিয়াগুলো এতই ভিন্ন হয় যে একই গর্ভে বেড়ে ওঠা আইডেনটিক্যাল জমজ সন্তানের আঙুলের ছাপেও আলাদা জ্যামিতিক রূপ তৈরি হয়।

আঙুলের ছাপের এই অনন্যতা আবিষ্কারের পেছনে বেশ কয়েকজন গবেষকের ঐতিহাসিক অবদান রয়েছে। ১৮৮০ সালে স্কটিশ চিকিৎসক স্যার হেনরি ফোল্ডস প্রথম বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত নিবন্ধে আঙুলের ছাপ দিয়ে অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণের সম্ভাবনার কথা জানান। পরবর্তীতে ১৮৯২ সালে ব্রিটিশ বিজ্ঞানী স্যার ফ্রান্সিস গাল্টন গভীর গাণিতিক গবেষণার মাধ্যমে প্রমাণ করেন যে, দুটি ভিন্ন মানুষের আঙুলের ছাপ হুবহু এক হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় অসম্ভব। এরপর ১৮৯৭ সালে তৎকালীন ভারতীয় উপমহাদেশে দুই বাঙালি মেধাবী পুলিশ কর্মকর্তা কাজী আজিজুল হক এবং হেমচন্দ্র বসু এই আবিষ্কারকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার জন্য এক যুগান্তকারী গাণিতিক শ্রেণীবদ্ধকরণ পদ্ধতি উদ্ভাবন করেন। তাদের তৈরি করা ফর্মুলার ওপর ভিত্তি করেই বিখ্যাত হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম গড়ে ওঠে, যা আধুনিক ফরেনসিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে।

জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে আঙুলের ছাপে মূলত তিনটি মূল নকশা দেখা যায়—লুপ বা বাঁকানো রেখা, আর্চ বা ধনুকের মতো খিলান এবং ওয়ার্ল বা পেঁচানো ঘূর্ণি। আঙুলের ত্বকের রেখাগুলো যেখানে দ্বিখণ্ডিত হয়, শেষ হয়ে যায় বা বিন্দুর মতো রূপ নেয়, সেই সূক্ষ্ম স্থানগুলোকে বৈজ্ঞানিক ভাষায় 'মিনুশাই' বলা হয়। একটি আঙুলে এমন বহু মিনুশাই পয়েন্ট থাকে, যার অবস্থান, কোণ ও পারস্পরিক দূরত্বের জটিল জ্যামিতিক হিসাব প্রতিটি মানুষের জন্য আলাদা।

একবার গর্ভাশয়ে এই নকশা তৈরি হয়ে গেলে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত এটি আর কখনো পরিবর্তিত হয় না। আঙুলের উপরিভাগ বা এপিডার্মিস কেটে বা পুড়ে গেলেও সুস্থ হওয়ার পর তা আগের নকশাতেই ফিরে আসে। কেবল ত্বকের গভীরের ডার্মাল প্যাপিলা স্তর পর্যন্ত আঘাত পৌঁছালে স্থায়ী ক্ষত হতে পারে, যা আবার নিজের জায়গায় আরেকটি অনন্য চিহ্ন বহন করে। এই অপরিবর্তনশীল ও নিখুঁত জ্যামিতিক বৈশিষ্ট্যের কারণেই প্রাচীনকাল থেকে আজকের আধুনিক বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পর্যন্ত সব জায়গায় আঙুলের ছাপকে মানুষের সবচেয়ে সত্য পরিচয় হিসেবে ব্যবহার করা হয়। মহাজাগতিক স্কেলে একটি আঙুলের ছাপে থাকা ৫০ থেকে ১৫০টি মিনুশাই পয়েন্টের অবস্থান ও দূরত্বের বিন্যাস গাণিতিকভাবে অসম্ভব এক সংখ্যা নির্দেশ করে, যা পুরো মহাবিশ্বের অনিশ্চয়তার নিয়মেও মানুষের অনন্যতার এক অতুলনীয় প্রমাণ।

লেখক : মইনুল রনি, * তথ্যসূত্র : Discover with Mainul

এমনকি যেসব আইডেনটিকাল জমজ (Identical Twins) সন্তানের দেহের ডিএনএ প্রায় ৯৯.৯৯% এক, তাদের আঙুলের ছাপও কখনো এক হয় না!

একটি আঙুলের ছাপে থাকা ৫০ থেকে ১৫০টি মিনুশাই পয়েন্টের অবস্থান, দিক ও দূরত্বের সমন্বয়ে যে সম্ভাবনার বিন্যাস (Permutation) তৈরি হয়, তা গাণিতিকভাবে অসম্ভব এক সংখ্যা নির্দেশ করে।