কোনো মাদ্রাসাই থাকা উচিত নয়: তসলিমা নাসরিন

নির্বাসনে থাকা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, কোনো মাদ্রাসাই থাকা উচিত নয়। তার দাবি, মাদ্রাসাগুলো কেবল জিহাদি তৈরি করে, তাই সব মাদ্রাসাকে সেক্যুলার স্কুলে রূপান্তর করা প্রয়োজন।

এ সময় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ নিয়ে কথা বলেন। তসলিমা নাসরিন বলেন, শেখ হাসিনাকে তার দেশে ফিরতে দেয়া উচিত এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া প্রয়োজন। তিনি শেখ হাসিনার দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ারও আহ্বান জানান। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করাকে তিনি ভুল এবং গণতন্ত্রবিরোধী কাজ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকেও তিনি অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গে ফিরে আসার সুযোগ পাওয়ায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে অবস্থানকালে বর্তমান সরকার তার নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এদিকে, এর আগের দিন শনিবার পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি জয় গোস্বামী একটি সংবর্ধনা অনুষ্ঠানে দর্শকদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তসলিমা নাসরিনের বক্তব্য বিঘ্নিত হওয়ার ওই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন উপলক্ষে একটি সাংস্কৃতিক সংগঠন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।