বিদেশে থেকেও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো মায়ের বুক খালি হোক, কোনো স্ত্রী স্বামীহারা হোক কিংবা কোনো বোন ভাই হারাক—এমন পরিস্থিতি আমরা চাই না। তিনি বলেন, ধৈর্য ও সহনশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা এবং যারা রক্তপাত ছাড়া শান্তিতে থাকতে পারে না, বিদেশে পালিয়ে গিয়েও তাদের সেই রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। এ কারণেই তারা এখনো এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির নিহত দুই নেতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এদিন সকালে রুহুল কবির রিজভী কালিয়া উপজেলা শহরের চাঁদপুর ও ছোট কালিয়া এলাকায় নিহত উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত করেন। পরে তিনি নিহতদের বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

ব্রিফিংয়ে রিজভী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ২০২৪ সালে মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিমসহ অসংখ্য সাধারণ মানুষ ও শিক্ষার্থীর রক্ত ঝরিয়েও তাঁর রক্তের পিপাসা মেটেনি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে পালিয়ে গিয়েও তিনি এ দেশের অনুচরদের দিয়ে আবারও রক্তের হোলিখেলায় মেতে উঠেছেন। এরই ধারাবাহিকতায় কালিয়ায় কৃষক দল নেতা শাহীন মোল্যা ও জাসাস নেতা সোহেল মোল্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা সফল হবে না। এ দেশের মাটিতে তাদের বিচার কেউ প্রতিহত করতে পারবে না।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর নড়াইলের কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য তাঁদের খুলনায় নেওয়া হলে সেখানে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।