নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন ফরিদপুরের তরুণ মারুফ

ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের তরুণ মারুফ মোল্যা। সেই স্বপ্ন পূরণে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি কোনো প্রশিক্ষণ ছাড়াই তিনি নিজ উদ্যোগে তৈরি করেছেন প্যারাগ্লাইডার। এরপর দীর্ঘ সাত মাসের নিরলস প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তিনি তৈরি করেছেন এক আসনের একটি ছোট বিমান। নিজের তৈরি সেই লাল রঙের বিমান নিয়ে তিনি সফলভাবে আকাশে উড়েছেন।

গত ১৩ নভেম্বর (শুক্রবার) সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে মারুফ তাঁর বিমানটি নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন। কিছুক্ষণ আকাশে ওড়ার পর তিনি নিরাপদে অবতরণও করেন। যদিও বিমানটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এখনো কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।

মারুফ জানান, কক্সবাজারে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে তাঁর আগ্রহ তৈরি হয়। ইউটিউব ভিডিও দেখে ছয় মাসের চেষ্টায় তিনি প্যারাগ্লাইডার তৈরি করেন এবং গত বছর সেটি নিয়ে উড্ডয়ন করতে সক্ষম হন। এরপর মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ছোট বিমান তৈরির কাজে হাত দেন। শুরুতে কয়েক দফা চেষ্টা করেও বিমানটি ওড়াতে পারেননি তিনি। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটি শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁর পরামর্শ অনুযায়ী সংশোধনের পর অবশেষে সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হন মারুফ।

পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর মারুফের পড়াশোনা থমকে গেলেও প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ কমেনি। ইউটিউব থেকে অর্জিত জ্ঞান ও নিজস্ব মেধা কাজে লাগিয়ে তিনি উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। মারুফের তৈরি বিমানের ভিডিও সামাজিক মাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা নামে এক বিদেশি দম্পতি তাঁর বাড়িতে আসেন। তাঁরা মারুফের উদ্ভাবনী কাজে মুগ্ধ হয়ে তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে আপাতত দেশেই থেকে বিমান তৈরির কাজ এগিয়ে নিতে চান মারুফ।

মারুফ বলেন, দেশের মাটিতেই আরও উন্নত বিমান তৈরি করা তাঁর স্বপ্ন। এজন্য সরকারি সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ প্রয়োজন। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারবেন বলে তিনি আশাবাদী। চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, মারুফের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর এই প্রতিভা আরও বিকশিত হবে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানিয়েছেন, মারুফের ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাঁর উদ্ভাবনী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল মারুফের মতো তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ব্যক্তিগতভাবে তাঁর পাশে থাকার পাশাপাশি আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।