ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো জনসম্মুখে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন এবং তখন থেকেই সেখানে অবস্থান করছেন। এর আগে তার কিছু অডিও বার্তা পাওয়া গেলেও, এবারই প্রথম তিনি কোনো আনুষ্ঠানিক আয়োজনে জনসম্মুখে এসে বক্তব্য দিতে যাচ্ছেন।
ভারতের অনলাইন সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ৫ই আগস্ট নয়াদিল্লির মথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চলবে। আয়োজক ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফরমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
শেখ হাসিনার সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত এই ইভেন্টটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে তার ফেরার সম্ভাবনা নিয়ে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানে তার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সাবেক সরকারি কর্মকর্তা এবং কূটনীতিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলি সিদ্দিকী, সাবেক ক্রিকেটার ও এমপি সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী বিশ্লেষক আবু ওবাইদা অরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’র পরিচালক শাহ মো. বখতিয়ার। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি) ড. ওয়াইয়েল আওয়াদ।

