গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এই সমস্যা সমাধানে গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান। শুক্রবার ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার ফল। তিনি বলেন, বিরোধী দল লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দিতেই পারে, তবে তাদের একটি বিকল্প পরিকল্পনাও জানানো উচিত। তিনি প্রশ্ন রাখেন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব এবং কীভাবে পাব? বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের অংশ হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়া জরুরি। তিনি আরও বলেন, একটি পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না। বরং অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা সরকারের নিজস্ব কোনো কারণে ঘটেনি। এছাড়া অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার প্রশংসা করে বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

