সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা মূলত ডিসেম্বরে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় রাশেদ খাঁন জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, জামায়াত নেতা দাবি করেছেন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে বিরোধী দলের সঙ্গে। তিনি আরও অভিযোগ করেন যে, জামায়াত ও এনসিপি মিলে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এবং দেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। রাশেদ খাঁনের মতে, জনগণ তাদের এই কর্মকাণ্ড মেনে নেবে না এবং দেশপন্থী মানুষ তাদের বরদাস্ত করবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এনসিপি যেদিন থেকে জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে, সেদিন থেকেই তাদের রাজনৈতিক ধ্বংস শুরু হয়েছে। এখন মানুষ বলছে, 'যাহাই জামায়াত, তাহাই এনসিপি'। তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। অথচ গত ১৭ বছরে জামায়াত তাদের দলীয় কার্যালয়ের তালাও খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে, যা জনগণ কখনোই পূরণ হতে দেবে না।
সংসদের পরিবেশ নিয়ে রাশেদ খাঁন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালে ১১ দলীয় জোটের এমপিরা হট্টগোল ও বিরোধিতা করেছে। তারা একদিকে গুম কমিশনের মাধ্যমে বিচার চাইছে, আবার অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি মন্তব্য করেন যে, এটিই জামায়াতের প্রকৃত চরিত্র।

