হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনার প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। মঙ্গলবার রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পদযাত্রা চলাকালে এনসিপি-এর মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েই আগামী ২৯ জুলাই (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে সব সাংগঠনিক ইউনিটকে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।

