বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন: জামায়াত আমির শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বর্তমান নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, এই মেরুদণ্ডহীনতার কারণেই স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং এর ফলে দ্রব্যমূল্য ও পরিবহন খাতে সৃষ্ট সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, সরকার জামায়াতে ইসলামীর বিশেষজ্ঞ দলের জ্বালানি ও বিদ্যুৎ খাত বিষয়ক কোনো পরামর্শ বা পরিকল্পনা গ্রহণ করেনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, একটি স্বাধীন-সার্বভৌম দেশে এমন পরিস্থিতি চলতে পারে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, জামায়াত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করলেও আগুন দেওয়া বা ভাঙচুরের মতো কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই। তিনি সরকারের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি কেবল মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বিষয় নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। রোহিঙ্গাদের সম্মান ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়াই এর চূড়ান্ত সমাধান। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে এককভাবে এ সমস্যার সমাধান সম্ভব নয়; তাই চীন ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন। জামায়াত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিসিক নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।