নিজের একটি বক্তব্যই যেন কাল হয়ে দাঁড়িয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের জন্য। অপরাধ দমনে সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ারে’ যেতে পুলিশ দ্বিধা করবে না—এমন মন্তব্যের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত সততা নিয়ে ঢালাও অভিযোগ তুলে এখন নিজেই সমালোচনার কেন্দ্রে তিনি। ক্রসফায়ার নিয়ে সরকারের অবস্থান, সাংবাদিকদের প্রতিবাদ, রাজনৈতিক প্রতিক্রিয়া এবং মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ—সব মিলিয়ে চাপে পড়েছে পুলিশ প্রধানের অবস্থান। এমতাবস্থায় বিতর্কিত মন্তব্যের জেরে আইজিপি পদে নতুন কর্মকর্তা নিয়োগের সম্ভাবনা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত তথ্যসংবলিত নথি তলব করেছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। ফলে একটি মাত্র বক্তব্যে দুটি বিতর্কের জন্ম দিয়ে এখন টক অব দ্য কান্ট্রি তিনি।
গত সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইজিপি বলেন, ‘ক্রসফায়ার’ প্রয়োজন হলে এবং সরকার অনুমোদন দিলে পুলিশ তা করতে পিছপা হবে না। পুলিশের বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ কঠোর হলে এক পক্ষ তাকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। দায়িত্ব পালনে পুলিশকে উপযুক্ত পরিবেশ দেওয়ারও আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়েও মন্তব্য করেন পুলিশপ্রধান। তাঁর বক্তব্যের সারকথা ছিল, মাদক কারবারিদের কাছ থেকে অর্থ না পেলে সাংবাদিকরা পুলিশকে অকার্যকর বলে সংবাদ প্রকাশ করেন। এই মন্তব্যে সাংবাদিকদের পেশাগত সততা ও স্বাধীন সাংবাদিকতা নিয়ে প্রশ্ন ওঠে। অপরাধ, মাদক, অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ সাংবাদিকদের দায়িত্বের অংশ—এ কথা স্মরণ করিয়ে দিয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন তাঁর বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।
আইজিপির বক্তব্যকে সরাসরি নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না, এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত মন্তব্যটি করেছেন। কিন্তু সেটি ঠিক হয়নি, এমন কথা বলা উচিতও ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও মন্তব্যটিকে সরকারের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, দেশে অপরাধ দমনের জন্য প্রচলিত আইন রয়েছে; আইনবহির্ভূত পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। অন্যদিকে, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর বিবেচনা করবেন। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষার কথা বলা হলেও আইজিপিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশ্বস্ত সূত্র এমনটি জানিয়েছেন।
যদিও সমালোচনা শুরুর পর সোমবার রাতেই পুলিশ সদর দপ্তর আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দেয়। এতে বলা হয়, ‘ক্রসফায়ার’ শব্দটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে ব্যবহার করা হয়নি, অপরাধীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ বোঝাতেই তিনি রূপক অর্থে শব্দটি বলেছেন। সাংবাদিকদের নিয়ে মন্তব্যটিও অসাবধানতাবশত হয়েছে বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনও পৃথক বিবৃতিতে আইজিপির বক্তব্যকে প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে বিবেচনার আহ্বান জানিয়েছে। কিন্তু এই ব্যাখ্যা বিতর্ক থামাতে পারেনি। সমালোচকদের প্রশ্ন, বক্তব্যটি যদি কেবল রূপক অর্থে হয়ে থাকে, তাহলে ‘সরকার অনুমতি দিলে’ ক্রসফায়ারে যাওয়ার কথা বলার প্রয়োজন কেন হলো? বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর বিষয়ে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার শব্দচয়ন কি শুধু অসতর্কতা বলে বিবেচিত হতে পারে? সাংবাদিকদের নিয়ে ঢালাও অভিযোগের ক্ষেত্রেও একই প্রশ্ন—নির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন মন্তব্য কি পেশাদার সাংবাদিকতাকে সন্দেহের মুখে ঠেলে দেয় না?
মানবাধিকারকর্মী ও সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ ড. নাবিলা ইদ্রিসের প্রশ্ন, আইজিপি বিধি ভেঙেছেন কি না, তা নির্ধারণের দায়িত্ব কি প্রাতিষ্ঠানিক নিয়মের, নাকি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে? এদিকে আইজিপির বক্তব্য ঘিরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ল রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), আইন ও সালিশ কেন্দ্র (আসক), অধিকার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস), সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মায়ের ডাক ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্তত ১২টি সংগঠন প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিকদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে ডিআরইউ ও ক্র্যাব ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। ডিআরইউ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলে এবং তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। এলআরএফও বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, টিআইবি, আসকসহ মানবাধিকার সংগঠনগুলো ক্রসফায়ার-সংক্রান্ত মন্তব্যের নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহার, ব্যাখ্যা এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বক্তব্য নিয়ে কী সিদ্ধান্ত নেন। তিনি পদে থাকবেন, নাকি নেতৃত্বে পরিবর্তন আসবে—তার উত্তর এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, পুলিশপ্রধানের ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি, বরং তাঁর বক্তব্যের রাজনৈতিক, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক পরিণতি নিয়ে আলোচনা বেড়েছে। যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহার করে তিনি কঠোরতার বার্তা দিতে চেয়েছিলেন, সেই শব্দই এখন তাঁর নিজের পদ ও পেশাগত গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের কেন্দ্রে। শেষপর্যন্ত নিজের কথার ক্রসফায়ারেই আইজিপিকে পড়তে হবে কি না, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের পাশাপাশি জবাবদিহির প্রশ্নে কী পদক্ষেপ নেওয়া হয় তার ওপর।

