জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী যে ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ সমস্যা সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে আগে থেকেই প্রস্তুত রাখা পরিকল্পনাগুলো বিবেচনায় নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা দেওয়ার জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন। আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং আমাদের সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। তার দাবি, এ ধরনের সমাধানের প্রস্তাবনা আগে থেকেই টেবিলে রয়েছে। এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বল্পমেয়াদী (৩০ দিন), মধ্যমেয়াদী (৬ থেকে ১৮ মাস) এবং দীর্ঘমেয়াদী—এই তিনভাগে মোট ১৫ দফার একটি সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন বলে তিনি জানান।
হাসনাত আব্দুল্লাহর ভাষ্য অনুযায়ী, এই ১৫ দফা প্রস্তাবে সংকটের পেছনে থাকা ভুল সিদ্ধান্তগুলো চিহ্নিত করার পাশাপাশি ধাপে ধাপে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। এতে ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তিনি দাবি করেন, নাগরিক সমাজ ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মতামত নিয়েও এসব প্রস্তাব তৈরি করা হয়েছে, যা ইতিপূর্বে জাতীয় দৈনিকে প্রকাশিত এবং বিভিন্ন সেমিনারে আলোচিত হয়েছে। হাসনাত আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রীর বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্যগুলো তার কাছে পৌঁছায়নি, যা অত্যন্ত লজ্জার বিষয়।
সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী মিলিয়ে মোট ৬২ জনের বিশাল টিমের কার্যকারিতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এই টিমের একজন সদস্যও বিরোধী দলের প্রস্তাবনাগুলো পড়ে দেখার প্রয়োজন মনে করেননি, যা গণতান্ত্রিক চর্চায় একটি খারাপ দৃষ্টান্ত। তিনি সরকারের এমন অবহেলাকে হতাশাজনক বলে মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ পুনরায় আহ্বান জানান, এনসিপির দেওয়া ১৫ দফার প্রস্তাবনাগুলো যেন প্রধানমন্ত্রী একবার পড়ে দেখেন। এছাড়া, বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার অনুরোধ জানানো হয়েছে, তাতে সরকারের সাড়া দেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

