নিজস্ব প্রতিবেদক: আশুলিয়া থানা ছাত্রদলের সহ-সভাপতি এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলিম মোল্লাকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা ও আলোচনা চলছে। তার সমর্থকদের দাবি, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে পুরোনো ও সাজানো ভিডিও ব্যবহার করে বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আলিম মোল্লা ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলেন। তার অনুসারীদের ভাষ্য, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ও তার কর্মী-সমর্থকরা নানা ধরনের মামলা, হামলা, গ্রেপ্তার এবং নির্যাতনের শিকার হন।
তাদের দাবি, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আলিম মোল্লার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুরু হয়। পুরোনো ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে আলিম মোল্লা বলেন, “আমি সবসময় মাদকের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো অপশক্তির ভয়ে আমি আমার অবস্থান থেকে সরে আসব না।”
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা সৃষ্টি এবং অপরাধের বিরুদ্ধে সোচ্চার থাকাই তার অন্যতম অঙ্গীকার।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

