খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা হিসেবে পরিচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কর্মসূচির বিস্তারিত জানানো হয়েছে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয় এবং বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। আগামীকাল ১৫ আগস্ট শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যেখানে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। দীর্ঘ সময় ধরে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিলেন। গত বছর ২৩ নভেম্বর হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তদারকি করেছিলেন।

মৃত্যুর সময় হাসপাতালের শয্যাপাশে তাঁর বড় ছেলে ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি উপস্থিত ছিলেন। এছাড়াও পরিবারের সদস্য শামীম এসকান্দার, তার স্ত্রী ও সেলিনা ইসলাম এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা শেষ সময়ে উপস্থিত ছিলেন।