রাষ্ট্রপতি নির্বাচন: তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় এই সভা শুরু হয়। সংসদীয় দলের এই বিশেষ সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপি ও সমমনা দলগুলোর মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সরকারি দলের সংসদীয় কমিটির এই বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের সভা কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর এবারই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটাভুটি হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।

জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর দেশের ১১তম রাষ্ট্রপতি নির্বাচনে এভাবে সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।