উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে। হামলার বিষয়ে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, প্রায় দেড় শতাধিক দুষ্কৃতকারী উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত চেয়ারম্যানের বাসভবনে হামলা চালায়। এ ঘটনার পর তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যায়। বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে৷ এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের দল ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এর আগে, জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 'স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা কারাগারে বন্দি জি এম কাদেরের প্রতিকৃতি বহন করেন এবং বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলছে। তারা আরও অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি তৎকালীন সরকারকে রাজনৈতিক বৈধতা দিয়েছিল।