মুক্তিযুদ্ধে আ’লীগের নেতৃত্বের বিষয়টি অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল—এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

পোস্টে আসিফ নজরুল ৫ আগস্টকে বাংলাদেশের জন্য আরেকটি বিজয় দিবস হিসেবে অভিহিত করে বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর এটিই দেশের জন্য সবচেয়ে আনন্দের দিন। তিনি উল্লেখ করেন, এই দিনটি হঠাৎ করে আসেনি। জুলাইয়ের অসন্তোষ মূলত শেখ হাসিনার পতনের আন্দোলন হিসেবে শুরু হয়নি, তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়।

সাবেক এই আইন উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা বিতর্ক থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধ সংগঠিত করা ও রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার বিষয়টি অস্বীকার করা যায় না। কিন্তু তবুও স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে দলটিকে কেন দুবার সমূলে উৎখাত হতে হলো, সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের নিজেদেরই খুঁজে বের করা প্রয়োজন। তবে তার ধারণা, দলটি আত্মসমালোচনা বা অনুশোচনার পথে হাঁটবে না।

অন্যান্য রাজনৈতিক দলের ভুল ও সীমাবদ্ধতা থাকলেও আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ ও অনাচারের আত্মবিশ্বাস অন্য কোনো দলে দেখেননি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত হতে পারেন, কিন্তু বিচার ছাড়া কোনো কিছুই স্বাভাবিক হবে না। জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের পুনর্জন্ম আখ্যা দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও শেখ হাসিনার প্রশ্নে জনগণ জুলাইয়ের চেতনা ধরে রাখবে।