সংসদে আরও ১০টি কমিটি গঠন, সভাপতি পায়নি বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন করে আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য গঠিত এসব কমিটির কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের কোনো সদস্যকে দায়িত্ব দেওয়া হয়নি। আজ রোববার রাতে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে কমিটিগুলো পাস হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে এই ১০টি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছিলেন।

জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে বিষয়ভিত্তিক ১১টি এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ৩৯টি। আজ গঠিত ১০টিসহ এ পর্যন্ত মোট ৩৬টি কমিটি গঠন করা সম্পন্ন হলো। এখন পর্যন্ত গঠিত এসব কমিটির মধ্যে কেবল মাত্র ‘সরকারি হিসাব কমিটি’র সভাপতি পদটি বিরোধী দলের একজন সদস্যকে দেওয়া হয়েছে।

নতুন গঠিত ১০টি কমিটির মধ্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুস সালাম পিন্টুকে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন আবুল খায়ের ভূঁইয়া এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব পেয়েছেন মুন্সী রফিকুল আলম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে এ কে এম সেলিম রেজা হাবিবকে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন শামছুর রহমান শিমুল বিশ্বাস। নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন জয়নুল আবদিন ফারুক। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খায়রুল কবির খোকনকে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে মাহমুদা হাবীবা এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে বরকতউল্লা বুলুকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আবদুল ওয়াদুদ ভূঁঞাকে।

একই দিনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি পদে পরিবর্তন এনে গয়েশ্বর চন্দ্র রায়ের স্থলাভিষিক্ত করা হয়েছে বিএনপির আরেক সংসদ সদস্য শাহাদাত হোসেনকে।