অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তাকে সাবেক সরকারপ্রধান হিসেবে এই অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল প্রদান করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময় পর্যন্ত এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে নিশ্চিত করেছেন ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।
গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তির হাতে ড. ইউনূস হেনস্তার শিকার হন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন এবং কনস্যুলেট কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন।
সরকার এই হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। জানা গেছে, এ ঘটনার সঙ্গে জড়িতরা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সদস্য। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, ড. ইউনূসের মতো একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বের সঙ্গে যেন ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। বিবৃতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে পুরো বিষয়টি অবহিত করেছে। একই সঙ্গে নিউ ইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও বাংলাদেশ কনস্যুলেট যোগাযোগ করেছে। বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত পোর্ট অথরিটি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং কনস্যুলেট এখন তাদের কাছ থেকে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

