প্রশ্ন ফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওই দিন বিকেল ৩টায় পরীক্ষাটি নেওয়া হতে পারে। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয় অধিদপ্তর।

নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরু হওয়ার আগেই ইন্টারনেটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে তা স্থগিত করা হয়। পরীক্ষা বাতিলের খবর পেয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত এই পরীক্ষার নতুন তারিখ ও সময় হিসেবে আগামী ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য পরীক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

অন্যদিকে প্রশ্ন ফাঁসের এই অভিযোগ খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।