কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবেন যে সাত শ্রেণি

মানুষের জীবনের প্রকৃত সফলতার মাপকাঠি সাধারণত পার্থিব ধন-সম্পদ, প্রভাবশালী পদ, ক্ষমতা কিংবা খ্যাতি দিয়ে বিচার করা হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর বড় বড় সম্রাট থেকে শুরু করে বিলিয়ন ডলারের ধনকুবের—সবাই একদিন মাটির নিচে বিলীন হয়ে গেছে। তাদের আভিজাত্য, প্রভাব ও ভোগবিলাস সবই শেষ হয়ে গেছে। কিয়ামতের দিন পৃথিবীর এই অর্জনগুলো সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়বে। পবিত্র কোরআনে কিয়ামতের দিনকে ভয়ের, আতঙ্কের ও চরম অসহায়ত্বের দিন হিসেবে চিত্রিত করা হয়েছে। সেদিন সূর্য মানুষের মাথার একেবারে কাছে থাকবে এবং তীব্র উত্তাপে মানুষ ঘামে ডুবে থাকবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বা আশ্রয়ের সুযোগ থাকবে না। পবিত্র কোরআনের সুরা শুআরার ৮৮-৮৯ নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন ধন-সম্পদ কিংবা সন্তান কোনো উপকারে আসবে না, কেবল সেই ব্যক্তিই সফল হবে যে কল্যাণময় অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে।

রাসুলুল্লাহ (সা.) সেই বিশেষ সৌভাগ্যবান শ্রেণির কথা স্পষ্টভাবে জানিয়েছেন, যাদের আল্লাহ কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। বোখারি শরিফের ৬৬০ নম্বর হাদিসে বলা হয়েছে, সাত শ্রেণির মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় রাখবেন। এই সাত শ্রেণির মানুষ হলেন:

১. ন্যায়পরায়ণ শাসক: শাসনক্ষমতা মানুষের জন্য একটি বিশাল পরীক্ষা। ইতিহাসে দেখা যায়, অধিকাংশ ক্ষমতাধর ব্যক্তিই অন্যায়ের পথে হেঁটেছেন। কিন্তু যারা আল্লাহভীরু থেকে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে ক্ষুদ্র প্রতিষ্ঠানের কর্তা—যিনি ক্ষমতার আসনে থেকেও ন্যায়ের মানদণ্ডে অটল থাকবেন, তার জন্যই রয়েছে আল্লাহর আরশের ছায়া।

২. যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে: যৌবন হলো জীবনের সবচেয়ে উচ্ছ্বাসময় সময়, যখন মানুষ সহজেই ভোগ-বিলাস, ফিতনা-ফ্যাসাদ ও অপচয়ের দিকে ঝুঁকে পড়ে। অথচ যে যুবক দুনিয়ার ভোগবাদী সংস্কৃতিকে অস্বীকার করে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সঁপে দেয়, সে আরশের ছায়ার যোগ্য। মহানবী (সা.) বলেন, কিয়ামতের দিনে মানুষের দুই পা সরবে না, যতক্ষণ না সে পাঁচটি বিষয়ে হিসাব দেয়—জীবন, যৌবন, সম্পদ, জ্ঞান ও আমল (তিরমিজি : ২৪১৬)।

৩. যার অন্তর মসজিদের সঙ্গে জড়িয়ে থাকে: মসজিদ হলো আল্লাহর ঘর। যে বান্দা মসজিদের প্রতি ভালোবাসা রাখে এবং প্রতিনিয়ত মসজিদে এসে নামাজ আদায় করে, তার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে বাঁধা থাকে।

৪. দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে: সাধারণত স্বার্থ, রক্তের সম্পর্ক বা পার্থিব কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। কিন্তু যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে, তাদের সম্পর্ক অন্য যেকোনো বন্ধনের চেয়ে শক্তিশালী। এই ভালোবাসা কিয়ামতের দিন বান্দাকে আরশের ছায়ায় স্থান দেবে।

৫. যে ব্যক্তিকে কোনো সৌন্দর্যময় নারী ব্যভিচারে আহ্বান করলে সে বলে, 'আমি আল্লাহকে ভয় করি': পাপের আহ্বান যখন আকর্ষণীয় আকারে আসে, তখন তা প্রতিরোধ করাই প্রকৃত তাকওয়া। ইউসুফ (আ.)-এর ঘটনা এ ক্ষেত্রে বড় উদাহরণ। আজকের যুগে যখন অশ্লীলতা সর্বত্র ছড়িয়ে পড়েছে, তখন যে যুবক আল্লাহভীতির কারণে গুনাহ থেকে বিরত থাকে, সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়।

৬. যে গোপনে দান করে: দান-সদকা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে তা মহান মর্যাদা পায়। কোরআনে বলা হয়েছে, তোমরা যদি প্রকাশ্যে সদকা দাও, তা ভালো; আর যদি তা গোপনে দিয়ে গরিবদের পৌঁছাও, তবে তা তোমাদের জন্য আরো উত্তম (সুরা বাকারা : ২৭১)। এমন দানশীল ব্যক্তি, যার ডান হাত কী দান করছে তা বাঁ হাতও জানে না, সে আরশের ছায়া পাবে।

৭. যে একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের অশ্রু ঝরায়: মানুষের ভিড়ে নয়, বরং একান্ত নির্জনে আল্লাহকে স্মরণ করলে হৃদয় কোমল হয় এবং চোখ ভিজে যায়। এ অশ্রু হলো ঈমানের জীবন্ত প্রমাণ। মহানবী (সা.) বলেন, দু'চোখকে আগুন স্পর্শ করবে না, তার মধ্যে একটি হলো সেই চোখ, যা আল্লাহভীতিতে কেঁদেছে (তিরমিজি : ১৬৩৯)।